রংপুরে নিম্নআয়ের মানুষের জন্য ৪টি ছয়তলা আবাসিক ভবন নির্মাণ করছে সিটি কর্পোরেশন
রংপুর প্রতিনিধি: নিম্নআয়ের মানুষের নিরাপদ আবাসন নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নতুন উদ্যোগের আওতায় নগরীর জুম্মাপাড়া হাজির খামার সংলগ্ন এলাকায় নির্মিত হচ্ছে চারটি ছয়তলা আবাসিক ভবন।
জানা গেছে, ইউএনডিপির (UNDP) সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে রংপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে এই জনকল্যাণমূলক প্রকল্প নেওয়া হয়েছে। এর মাধ্যমে নগরীর নিম্নআয়ের পরিবারগুলোর জন্য আধুনিক ও নিরাপদ আবাসনের ব্যবস্থা হবে।
নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রশাসক জানান, নগর উন্নয়নের পাশাপাশি নিম্নআয়ের মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ রংপুরের নগরজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, রংপুর সিটি কর্পোরেশন তাদের স্লোগান 'নগর উন্নয়নে, জনকল্যাণে' বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করে আসছে। নতুন এই আবাসন প্রকল্পের মাধ্যমে নগরীর বস্তিবাসী ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


