বক হত্যা নিয়ে প্রতিবাদ, প্রকৃতি রক্ষার দায় আমাদের কতটুকু?

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে ধানবীজের জমিতে পাখি বসা ঠেকাতে বন্দুক দিয়ে বক হত্যা এবং মৃত বক জমির সামনে ঝুলিয়ে রাখার যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা নিঃসন্দেহে উদ্বেগজনক। অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা এবং অপরাধ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা প্রয়োজন। বন্যপ্রাণী হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পরিবেশচিন্তার একটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে—আমরা কি সত্যিকার অর্থেই প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় আন্তরিক, নাকি বিচ্ছিন্ন কিছু ঘটনায় প্রতিবাদ করেই নিজেদের দায়িত্ব শেষ করছি?

তুহিন ওয়াদুদের লেখায় বক হত্যার ঘটনাটি সামনে এসেছে। তিনি অপরাধীর বিচার দাবি করেছেন। তাঁর এই দাবি সমর্থনযোগ্য। কিন্তু পরিবেশ রক্ষার প্রশ্নটি আরও বিস্তৃত। একটি বক হত্যার বিচার চাওয়ার পাশাপাশি আমাদের ভাবতে হবে, যে পরিবেশে বক, শালিক, চড়ুই, মাছরাঙা, দোয়েলসহ অসংখ্য পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত হওয়ার কথা, সেই পরিবেশ আমরা কতটা রক্ষা করতে পেরেছি?

আমরা প্রতিদিন নিজেদের খাদ্যাভ্যাসের প্রয়োজনে হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগলসহ নানা গৃহপালিত প্রাণী জবাই করি। এসব প্রাণী মানুষের খাদ্যব্যবস্থার অংশ। বন্যপ্রাণী হত্যা এবং আইনসম্মতভাবে গৃহপালিত প্রাণী জবাই এক বিষয় নয়। এ দুটিকে এক করে দেখার সুযোগ নেই। কিন্তু প্রাণের প্রতি সংবেদনশীলতা, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা এবং প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতার প্রশ্নটি কি শুধু বন্যপ্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য? প্রাণের প্রতি মানবিকতা কি আমাদের সামগ্রিক জীবনাচরণের অংশ হওয়া উচিত নয়?

আমাদের চারপাশে প্রতিদিন কতভাবে প্রকৃতি ধ্বংস হচ্ছে, তার হিসাব কি আমরা রাখি? নদী দখল, জলাশয় ভরাট, বন উজাড়, কৃষিজমিতে অপরিকল্পিত স্থাপনা, নির্বিচারে কীটনাশক ব্যবহার, শিল্পবর্জ্যে নদী ও জলাশয়ের দূষণ—এসবের সম্মিলিত প্রভাবে পাখি, মাছ, কীটপতঙ্গসহ অসংখ্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। একসময় গ্রামবাংলার খাল-বিল, নদী-নালা ও জলাভূমিতে যে বৈচিত্র্যময় প্রাণের সমাহার ছিল, তার অনেক কিছুই আজ হারিয়ে যাচ্ছে। বকের খাদ্য ও বিচরণক্ষেত্র সংকুচিত হচ্ছে। পাখিরা কোথায় আশ্রয় নেবে?

বক কৃষকের শত্রু নয়। জলাভূমি ও কৃষি পরিবেশে তারও একটি ভূমিকা রয়েছে। প্রকৃতির খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীর নিজস্ব অবস্থান আছে। তবে কৃষকের ধানবীজ বা ফসল রক্ষার বাস্তব সমস্যাটিও উপেক্ষা করা যায় না। পাখি যাতে বীজ নষ্ট করতে না পারে, সে জন্য পরিবেশবান্ধব ও প্রাণিহানিকর নয়—এমন প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। কৃষককে সে বিষয়ে সচেতন ও সহযোগিতা করা রাষ্ট্র এবং সংশ্লিষ্ট কৃষি বিভাগের দায়িত্ব।

এখানে আরও একটি বড় প্রশ্ন আছে। গোটা পৃথিবী আজ জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ পরিণতির মুখোমুখি। তাপমাত্রা বাড়ছে, ঋতুচক্রের স্বাভাবিকতা বদলে যাচ্ছে, খরা ও বন্যার প্রকোপ বাড়ছে, জীববৈচিত্র্য সংকুচিত হচ্ছে। মানুষের অপরিকল্পিত উন্নয়ন, অতিরিক্ত ভোগবাদ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং বন ও জলাভূমি ধ্বংসের ফলে প্রকৃতির ওপর যে চাপ তৈরি হয়েছে, তার দায় কোনো এক ব্যক্তি বা একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিশ্বব্যাপী সংকট।

সম্প্রতি তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত COP-31 জলবায়ু সম্মেলনের পরিণতিও আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে। দুই সপ্তাহের আলোচনা এবং অতিরিক্ত সময় নিয়েও সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ও জলবায়ু অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। ফলে একটি সামগ্রিক রাজনৈতিক চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হয়েছে। অবশ্য অভিযোজন ও ন্যায়সংগত জ্বালানি রূপান্তরসহ কিছু বিষয়ে পৃথক সিদ্ধান্ত ও স্বেচ্ছামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, জলবায়ু সংকটের ভয়াবহতা যখন প্রতিদিন বাড়ছে, তখন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো কার্যকর সিদ্ধান্ত নিতে এতটা দ্বিধাগ্রস্ত কেন?

আরও একটি প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার, শিল্পায়ন ও ভোগবাদী অর্থনীতির মাধ্যমে বিশ্ব উষ্ণায়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তাদের অনেক রাষ্ট্র ও করপোরেট প্রতিষ্ঠানের অর্থায়নেই বিভিন্ন পরিবেশ ও উন্নয়ন সংস্থা কাজ করে। এই অর্থের উৎস কী, কোন উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, কোথায় ব্যয় হচ্ছে এবং বাস্তবে পরিবেশ রক্ষায় কী ফল পাওয়া যাচ্ছে—এসব বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি কতটা নিশ্চিত? এনজিও বা পরিবেশবাদী সংগঠনের কাজকে প্রশ্নবিদ্ধ করা আমার উদ্দেশ্য নয়। বরং পরিবেশ রক্ষার নামে অর্থায়ন যেন দায় এড়ানোর কৌশল কিংবা প্রচারণার হাতিয়ারে পরিণত না হয়, সেটি নিশ্চিত করা জরুরি। জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ও বাস্তব ব্যয়ের মধ্যে ব্যবধান থাকলে তারও জবাবদিহি থাকতে হবে।

বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে এ সংকট আরও গভীর। উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকার দিকে তাকালেই আমরা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের বিপর্যয় দেখতে পাই। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া, শুষ্ক মৌসুমে পানির সংকট, বর্ষায় ভাঙন, চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা এবং জলাভূমির পরিবর্তন—সবকিছুই একটি বৃহত্তর পরিবেশগত সংকটের অংশ। নদী বাঁচানো, জলাভূমি রক্ষা, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিকল্পিত উন্নয়ন ছাড়া পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব নয়। তিস্তা মহাপরিকল্পনার মতো সমন্বিত নদী পুনরুদ্ধার ও অববাহিকাভিত্তিক উন্নয়ন উদ্যোগ তাই শুধু মানুষের জীবন-জীবিকার প্রশ্ন নয়, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও অপরিহার্য অংশ।

আমার প্রশ্ন, বক হত্যার প্রতিবাদে আমরা যতটা সোচ্চার, নদী হত্যা, জলাশয় দখল, বন ধ্বংস কিংবা পরিবেশবিধ্বংসী উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে কি ততটাই সোচ্চার? একটি বক হত্যার ঘটনায় অপরাধীর শাস্তি দাবি করব, অথচ হাজার হাজার পাখির আবাসস্থল ধ্বংসের ঘটনায় নীরব থাকব—এই দ্বৈত অবস্থান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

পরিবেশ রক্ষা শুধু ব্যক্তির নৈতিকতার বিষয় নয়, এটি রাষ্ট্রের সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্বও। সংবিধানের ১৮ক অনুচ্ছেদে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের ওপর অর্পিত হয়েছে। আইন আছে, কিন্তু তার প্রয়োগ কতটা হচ্ছে? বন অধিদপ্তরের বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমের জনবল ও সক্ষমতা কতটুকু? গ্রামাঞ্চলে বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা তৈরির উদ্যোগ কোথায়? কৃষককে পরিবেশবান্ধব চাষাবাদে উৎসাহিত করার কার্যকর কর্মসূচি কতটা আছে? এসব প্রশ্নেরও জবাব প্রয়োজন।

রাজারহাটের ঘটনাটির নিরপেক্ষ তদন্ত হোক। অভিযোগ সত্য প্রমাণিত হলে ২০২৬ সালের প্রচলিত বন্যপ্রাণী আইন এবং প্রযোজ্য অস্ত্র আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে কৃষকের ফসল রক্ষায় প্রাণিহানিকর নয়, এমন ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু প্রতিবাদ যেন একটি বক হত্যার বিচারেই থেমে না যায়। আমাদের দাবি হোক নদী, বন, জলাভূমি, পাখি ও সামগ্রিক জীববৈচিত্র্য রক্ষার। জলবায়ু অর্থায়নের প্রতিটি ক্ষেত্রেও নিশ্চিত হোক স্বচ্ছতা ও জবাবদিহি।

প্রকৃতি মানুষের ব্যক্তিগত সম্পত্তি নয়। মানুষ প্রকৃতিরই একটি অংশ। বক, মাছ, গাছ, নদী কিংবা জলাভূমি—কোনোটিই মানুষের অস্তিত্বের বাইরে নয়। প্রকৃতিকে ধ্বংস করে মানুষ নিজের ভবিষ্যৎকেই বিপন্ন করে।

একটি বক হত্যার বিচার চাই, কিন্তু শুধু একটি বকের জন্য নয়—প্রকৃতির প্রতিটি প্রাণের নিরাপত্তা এবং মানুষের ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার জন্য।

নজরুল ইসলাম হক্কানী

লেখক: শিক্ষাবিদ, কলামিস্ট ও সভাপতি, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ