খুলনা প্রতিনিধি: ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আগামী ২৮ নভেম্বর, ২০২৬ তারিখে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জানা গেছে, আগামী শনিবার বিকাল ৩.০০ টায় খুলনার শিববাড়ি মোড়ে অনুষ্ঠিতব্য এই কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা মহানগর, জেলা ও এর অঙ্গসংগঠনসমূহ।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। এছাড়াও বক্তব্য রাখবেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব, রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপি এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা।

এনসিপির নেতৃবৃন্দ জানান, উল্লিখিত দাবিগুলো আদায়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করা হবে। তারা খুলনার সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।