কুড়িগ্রামের ভূরুংগামারীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা ও বার্ডফ্লু রোগের ভ্যাক্সিনের একটি বিশাল চালান জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালান চক্রের সক্রিয় দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত এসব ভারতীয় ভ্যাক্সিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ভূরুংগামারী উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুংগামারী থানার এসআই নিহার রঞ্জন ও এসআই জাহিদের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। ভোটহাট সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ককশিটের ১১টি কার্টন বোঝাই ১৫৬ লিটার পরিমাণ অবৈধ ভারতীয় ভ্যাক্সিন উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্তের ভোটহাট পথ দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে এসব ভ্যাক্সিন দেশে আনা হয় এবং সেগুলো লালমনিরহাট জেলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযানে গ্রেফতারকৃত দুই চোরাকারবারি হলেন:
১. মোঃ ছায়েদ আলী (পিতা: মৃত রশিদ মিয়া, সাং: গোরক মন্ডল, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম)।
২. মোঃ মাসুদ রানা (পিতা: মোঃ আমিনুল ইসলাম, সাং: পশ্চিম ফুলমতি, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম)।
অভিযান শেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মুনতাসির মামুন মুন জানান, জব্দকৃত বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাক্সিন কোনো প্রকার শুল্ক না দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের সদস্য, যারা দীর্ঘদিন ধরে সীমান্তপথে বিভিন্ন অবৈধ ভারতীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও একটানা দীর্ঘ নিরীক্ষণের ফলশ্রুতিতে এই সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের ভ্যাক্সিনসহ গ্রেফতার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের এই নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।


